মুম্বাই, ২ মার্চ: শুরু হয়েছে পবিত্র মাহে রমযান। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুমিনের দরজায় পা রেখেছে রমযান। এই মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে অসীম রহমত ও বরকত নিয়ে আসে। রমযান মানেই আত্মার পরিশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। রোযা, নামায ও নানা ইবাদতের মধ্যে দিয়ে পবিত্র মাসটিকে পালন করেন মুসলিমরা। একইসঙ্গে গভীর বিশ্বাসের সঙ্গে পবিত্র রমযান মাস পালন করেন তারকারাও। তবে কোন তারকারা রমযান পালন করেন!

বলিউড বাদশাহ শাহরুখ খান রমযানে রোযা রাখার চেষ্টা করেন। এক সাক্ষাৎকারে কিং খান নিজেই জানিয়েছিলেন সে কথা। সর্বদা ইসলামের সৌন্দর্যতা নিয়েও কথা বলতে দেখা গিয়েছে বলিউড বাদশাকে। এই পবিত্র মাসে রোযা রাখেন কিং খান। প্রায়শই রমযান মাসে তাঁর বিশ্বাস ও ইফতারের মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন কিং খান। রমযানে বিভিন্ন ইফতার পার্টিতেও দেখা মেলে বলি বাদশার।

অভিনেত্রী সানা খান ২০২০ সালে বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন।

পা রাখেন ধর্মীয় জগতে। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পবিত্র মাসে রোযা রাখেন সানা। তিনি সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে 'রৌনক-ই-রমযান' শো করার ঘোষণা দিয়েছেন। এভাবেই ইসলামের বার্তা ছড়িয়ে দিতে চান প্রাক্তন অভিনেত্রী। বিনোদন জগতের জনপ্রিয় দম্পতি দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিম প্রতি বছর পূর্ণ নিষ্ঠার সাথে রমযান উদযাপন করেন। সেহরি থেকে ইফতার সবটাই ভাগ করে নেন ভক্তদের সাথে। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও তার ভাই সাকিব সালিমও পবিত্র মাসে রোযা রাখেন। হুমার কথায়, এই পবিত্র মাসে নিজেকে প্রতিফলিত করার এবং উন্নত করার সময়। অভিনেত্রী হিনা খান শারীরিক অসুস্থতার কারণে রোযা রাখতে পারবেন কিনা তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যে অভিনেত্রী গওহর খান নিজের সামাজিক মাধ্যমে রমযান পালনের ছবি শেয়ার করেছেন।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ২০২৪ সালে ৩০টি রোযা করেছিলেন বিগ বস ১৭-এর প্রতিযোগী অরুণ মাশেত্তি। এবছরও মাহে রমযানকে আলিঙ্গন করেছেন তিনি। এছাড়াও পবিত্র মাসে রোযা রাখেন ইউসুফ পাঠান, ইরফান পাঠান, জান্নাত জুবায়ের, ফয়সাল শেখ, আমনা শরিফ, মুনাওয়ার ফারুকিসহ আরও অনেক ভারতীয় তারকা গভীর বিশ্বাসে রমযান পালন করেন।