মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ২০০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স জানান, যুদ্ধ অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায় ২০০ জন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশের আঘাত তুলনামূলকভাবে সামান্য এবং ১৮০ জন ইতিমধ্যেই আবার দায়িত্বে ফিরে গেছেন।
প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে পোড়া ক্ষত, বিস্ফোরণের ধাতব টুকরোর আঘাত এবং মস্তিষ্কে আঘাতের মতো ঘটনা রয়েছে। আহতদের মধ্যে অন্তত ১০ জন গুরুতরভাবে জখম হয়েছেন।


সোমবার পর্যন্ত এই যুদ্ধে ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এর মধ্যে পশ্চিম ইরাকে একটি মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান ভেঙে পড়ায় ৬ জনের মৃত্যু হয়।
এছাড়া কুয়েতের একটি বন্দর এলাকায় ইরানের ড্রোন হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত হন। আর সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় আহত হয়ে আরও একজন সেনার মৃত্যু হয়েছে।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, এই সংঘাতে এখন পর্যন্ত ১,৩০০-র বেশি ইরানি নিহত হয়েছেন। পাশাপাশি লেবাননে শতাধিক সাধারণ মানুষের মৃত্যু এবং ইসরায়েলে অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।