পুবের কলম ওয়েব ডেস্ক: সরকারে আসার আগে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখা গেল প্রশাসনিক চাকরির অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষাকে ঘিরে। দীর্ঘ প্রায় দু’বছরের জট কাটিয়ে অবশেষে রাজ্য ডব্লিউবিসিএস পরীক্ষার দিন ঘোষণা করল নতুন সরকার।

২০২৪ সালে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও নানা প্রশাসনিক জটিলতা এবং আইনি সমস্যার কারণে পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে মাত্র এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার দিন চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সরকারি ভাবে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলকাতা-সহ রাজ্যের ২৩টি জেলার মোট ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত। পরীক্ষার্থীরা আগামী ৪ জুন থেকে নির্দিষ্ট সরকারি পোর্টাল থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন।
কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে সেই সংক্রান্ত সমস্ত তথ্যও প্রকাশ করা হয়েছে। পরীক্ষার যাবতীয় আপডেট, নির্দেশিকা ও অ্যাডমিট সংক্রান্ত তথ্য সরকারি ওয়েবসাইটেই পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১১টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বলেও স্পষ্ট করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রুপ এ, বি, সি এবং ডি স্তরের সরকারি পদে নিয়োগের জন্য এই পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। পুরো প্রক্রিয়াটি একাধিক ধাপে সম্পন্ন হয়।প্রথমে হয় প্রাথমিক লিখিত পরীক্ষা। সেই ধাপ সফলভাবে উত্তীর্ণ হলে পরীক্ষার্থীরা মূল পরীক্ষায় বসার সুযোগ পান। এরপর মূল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্দিষ্ট প্রার্থীদের ব্যক্তিত্ব যাচাই পর্বের জন্য ডাকা হয়। মূল পরীক্ষা ও ব্যক্তিত্ব যাচাইয়ে পাওয়া নম্বর মিলিয়েই তৈরি হয় চূড়ান্ত মেধাতালিকা।