পুবের কলম,ওয়েবডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ১৫ জুলাই এই হামলার ঘটনাটি ঘটেছে।

ইসরাইলি সেনাবাহিনী ইহুদি বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে দেখলেও কোনও হস্তক্ষেপ করেনি।

 শনিবার অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জমিতে আক্রমণ করে তাদের ফসল, জমি ও গবাদি পশুর ক্ষতি করে।
মাসাফের ইয়াত্তা কাউন্সিলের প্রধান নিদাল আবু আরাম আল আরাবি বলেছেন, ‘আক্রমণকারীরা হাভাত মাওন বসতি থেকে এসেছিল। তারা তাদের যানবাহন নিয়ে ফিলিস্তিনিদের জমির ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

এর ফলে সংঘর্ষ শুরু হয়। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে, অনেককেই মারধর করা হয় বলে জানা গেছে।

আবু আরাম বলেন, ‘ফিলিস্তিনিরা বসতি স্থাপনকারীদের মোকাবিলার চেষ্টা করেছিল। কিন্তু ইসরাইলি বাহিনী হঠাৎ করে আল-তুওয়ানি, সাদাত আল-থালা এবং আল-মেফকারা গ্রামে আক্রমণ করে এবং এলাকাটি ঘিরে ফেলে।

এই আক্রমণটি পরিকল্পিত ছিল বলে মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তারা অসামরিক লোকদের মারধর শুরু করে এবং মাসাফের ইয়াত্তা থেকে ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টদের আটক করে।’ উল্লেখ্য, ইসরাইলি সেনা ১৯৮০ সালে মাসাফের ইয়াত্তার একটি বড় অংশকে ‘মিলিটারি ফায়ারিং জোন’ হিসেবে ঘোষণা করে। তখন থেকেই ওই এলাকার ১২টি গ্রামে ফিলিস্তিনিদের কোনও ধরনের নির্মাণকাজ বা জমিতে স্বাধীনভাবে চাষাবাদ নিষিদ্ধ করেছে যায়নবাদীরা।