পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের একটি হোম থেকে ২৬জন মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে রাজ্যের বিজেপি সরকারকে তোপ দেগেছে কংগ্রেস। জানা গিয়েছে, নিখোঁজরা গুজরাত, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যের বাসিন্দা। হোমটি বেআইনিভাবে চালানো হত বলে অভিযোগ।
আরও পড়ুন:
কয়েক দিন আগেই হোম থেকে মেয়েদের নিখোঁজ হওয়ার ঘটনাটি সামনে আসে। ‘আঁচল’ নামের এই হোমটি ভোপালের পারওয়ালিয়ায় অবস্থিত। সম্প্রতি হোমের কাজকর্ম খতিয়ে দেখতে পরির্দশনে এসেছিলেন ‘ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস’-এর চেয়ারপার্সন প্রিয়াঙ্কা কানুনগো। হোমের রেজিস্ট্রার খাতা খতিয়ে দেখতেই তাঁর চক্ষুচড়কগাছ।
দেখা যায় হোমের ২৬ মেয়ে নিখোঁজ। একসাথে এতগুলো মেয়ে কোথায় গেল তার কোনও সদুত্তোর হোম কর্তৃপক্ষ দিতে পারেনি বলে অভিযোগ। এরপরই পুলিশে এফআইআর দায়ের হয়। এদিকে ২৬জন মেয়ের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে ট্যুইটও করেন কানুনগো।