পুবের কলম,ওয়েবডেস্ক: ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হল রাজস্থানের কোটায়। ওই ছাত্র আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম মণীশ প্রজাপত (১৭)। তিনি উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা। গত ছয় মাস ধরে কোটার একটি শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে।

ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে ওই ছাত্রের মৃত্যু হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এ নিয়ে গত এক সপ্তাহে তিন ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটল কোটায়। চলতি বছরে এই নিয়ে কোটায় মোট ২১ জন ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটল।

ডাক্তারি-ইঞ্জিনিয়ারিংয়ের মতো পেশাদারি কোর্সে ভর্তিপরীক্ষার প্রশিক্ষণ নিতে  রাজস্থানের কোটায় হাজির হয় বহু পড়ুয়া।
উন্নত গুণমানের প্রশিক্ষণ হয় কোটায়, এটাই ছড়িয়ে পড়েছে দেশে। তবে সেখানে ইদানীং আত্মহত্যার প্রবণতাও বাড়ছে পড়ুয়াদের মধ্যে। অনেকেই প্রত্যাশার চাপ সামলাতে না পেরে আত্মহননের পথ বেছে নিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

প্রশ্ন উঠছে, কেন এতজন মেধাবী পড়ুয়া এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে? মানসিক চাপ সামলানোর জন্য এখানকার সমস্ত পড়ুয়াদের মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া আবশ্যক করা উচিত বলে মনে করছে ওয়াকিফহাল মহল।