পুবের কলম,ওয়েবডেস্ক: ৫ বছরের শিশুকে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল এক সন্ন্যাসীর বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার গোবর্ধন এলাকায়। ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে যোগীরাজ্যে।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ৫ বছরের শিশুর দিকে হঠাৎ তেড়ে আসে এক ব্যক্তি। পরনে সন্ন্যাসীদের পোশাক।
অন্যদিকে আকাশি রং-এর পোশাক পরিধান করেছিল ওই শিশু।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিটি প্রথমে ওই শিশুটিকে নিজের ঘাড়ে তুলে নেই। তারপর কাচার ভঙ্গিতে বারবার মাটিতে আছাড় মারতে শুরু করে। যন্ত্রণায় আর্তনাদ করতে শুরু করে ওই কিশোর। কিন্তু এগিয়ে আসেনি কেউ।
একটা সময় বন্ধ হয়ে যায় কান্না ও চিৎকার। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। সেই সময় উত্তেজিত জনতা ওই সন্ন্যাসীকে ধরে মারধর শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উত্তপ্ত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেফতার করা হয়।