পুবের কলম,ওয়েবডেস্ক: ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ সুদান। গত তিন  মাস ধরে সেনা-আধাসেনার লড়াইয়ে প্রাণ হারিয়েছে শত শত মানুষ। সর্বশেষ শনিবার এক বিমান হামলায় মৃত্যু হয় অন্তত ২২ জনের। সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে ভয়ানক বলে মনে করা হচ্ছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দার এস সালামের নিকটবর্তী শহর ওমদুরমানে ওই হামলা চলে। হামলায় বহু মানুষ আহত হয়েছেন। এক ভিডিয়োয় দেখা যায়, মাটিতে পড়ে আছে রক্তাক্ত লাশের সারি। আশপাশে যন্ত্রণায় ছটফট করছেন বহু মানুষ।
স্থানীয় বাসিন্দারা তাদের শুশ্রুষা করছেন।

বর্তমানে দেশটির সেনাবাহিনীর ও আধাসেনার দুই জেনারেলের মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে। দুই জেনারেলের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘন, লুঠতরাজ ও নৃশংসতার অভিযোগ রয়েছে। এপ্রিলের ১৫ তারিখ থেকে শুরু হওয়া যুদ্ধ থামাতে এখনও আলোচনায় রাজি হয়নি কোনও পক্ষ।
ফলে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও ‘নতুন করে লড়াইয়ের খবর নিয়ে মহাসচিব উদ্বিগ্ন। সেখানে মানবিক আইন মানা হয়নি।’

প্রসঙ্গত, দেশটির সেনাবাহিনী ও আধাসেনার যুদ্ধে ২৯ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এর মধ্যে প্রায় ৭ লক্ষ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, এই সংঘাতে সুদানে নারী ও কিশোরীদের ধর্ষণ-অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।