পুবের কলম,ওয়েবডেস্ক: আফগানিস্তানের কৃষি, সেচ ও  প্রাণিসম্পদ মন্ত্রী আতাউল্লাহ ওমারি বলেছেন, আফগানিস্তান শীঘ্রই কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চলেছে।

তিনি বলেন, খাদ্য তথা কৃষি খাতে আফগানিস্তানকে একটি আমদানি নির্ভর দেশ থেকে রফতানিকারক দেশে রূপান্তরের চেষ্টা চলছে।

আতাউল্লাহ বলেন, গত দেড় বা দুই বছরে আমরা এ খাতে বেশ ভালো অগ্রগতি অর্জন করেছি। দেশে পানির ঘাটতি মোকাবিলায় ভূগর্ভস্থ পানি ও অন্যান্য পানির উৎস ব্যবস্থাপনার চেষ্টা চলছে।

এ বিষয়ে সরকারের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রক জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আফগানিস্তানের কৃষিতে পঙ্গপালের আক্রমণকে একটি বড় সংকট হিসেবে দেখা হয়। তারা সেই সংকটের অনেকটাই সমাধান করেছেন। যে সব প্রদেশে পঙ্গপালের হানা বেশি দেখা যায়,  সে সব জায়গায় পঙ্গপাল প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফলে এবার আর ফসলের ক্ষতি হবে না বলে আশা  প্রকাশ করা হচ্ছে। মন্ত্রী বলেন, ‘সবমিলিয়ে আমরা কৃষিখাতে বেশ ভালো সক্ষমতা অর্জন করেছি। আমরা আশা করছি আফগানিস্তানের খাদ্যের জন্য এখন আর অন্য দেশের মুখাপেক্ষী হতে হবে না। অন্য দেশ থেকে খাদ্য আমদানি করতে হবে না। দেশের চাহিদা আমরা নিজেরাই মেটাতে পারব। বরং আমরা এখন আমদানিকারক দেশ থেকে রফতানিকারক দেশে পরিণত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’