পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে রামপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় মুসলিম ভোটারদের মারধর করার অভিযোগ উঠল ইউনিফর্মধারী পুলিশের   বিরুদ্ধে।

ভাইরাল হওয়া  ভিডিওতে ভোটাররা বর্ণনা করছেন যে কীভাবে তাদের লাঞ্ছিত করা হয়েছে, মারধর করা হয়েছে, গালাগালি করা হয়েছে এবং তাড়িয়ে দেওয়া হয়েছে।হামলার ফলে তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নও দেখা গিয়েছে ওই ভিডিওতে।  আতঙ্কিত, আহত ভোটারদের কথায় "আমাদের একমাত্র অপরাধ ছিল যে আমরা আমাদের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে চেয়েছিলাম," ক্ষুব্ধ ভোটাররা বলছেন তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার জন্যই  এই ষড়যন্ত্র করা আছে।  অন্যদিকে  সমাজবাদী পার্টি উত্তর প্রদেশের রামপুর ও খাতৌলি বিধানসভা এবং ময়নপুরি সংসদীয় আসনের উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোটকেন্দ্রে সন্ত্রাসের অভিযোগ এনেছে।

সমাজবাদী পার্টির আরও অভিযোগ করহালের বালপুরা গ্রামের একটি ভোটকেন্দ্রে বিজেপির এজেন্টরা মুসলিম ভোটারদেরও ভোট দিতে বাধা দেয়। এছাড়াও দলীয় কর্মীদেরও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।

সমাজবাদী পার্টি সোমবার  একটি ট্যুইটে  খাতৌলি উপনির্বাচনের জন্য বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বিরুদ্ধে  পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। সমাজবাদীপার্টির নেতারা দাবি করেছেন পুলিশ আসলে  'বিজেপি এজেন্ট হিসেবে কাজ করেছে। এর পাশাপাশি মুসলিম ভোটারদেরও ভোট দিতে বাধা দেওয়া হয়।  এই একগুচ্ছ অভিযোগে  নির্বাচনী অফিসার রাকেশ কুমার সিংকে বরখাস্ত করার দাবি জানিয়েছে সমাজবাদী পার্টি।