পুবের কলম,ওয়েবডেস্ক:  আস্ত একটা লোহার সেতু চুরি করল কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সেতুটি ওজনে প্রায় ৬ হাজার কেজি ছিল।  মহারাষ্ট্রের মুম্বইয়ে একটি বড় নালার ওপর বানানো হয়েছিল বলেই জানা গেছে। মুম্বইয়ের মালাড পশ্চিম এলাকায় আদানি গ্রুপের বানানো প্রায় ৯০ ফুট লম্বা সেতুটি গত মাসে চুরি হয়েছিল বলেই খবর। এই ঘটনায়  এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, মালাড পশ্চিম এলাকার একটি বড় নালার ওপর দিয়ে বিদ্যুতের লাইন নেওয়ার জন্য গত বছরের জুনে সামায়িক ভাবে লোহার ব্রিজ বানানো হয়েছিল। পরে অনুমতি পেলে চলতি বছরের এপ্রিলে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয়।

আর পুরোনো অস্থায়ী লোহার সেতুটি খুলে ক্রেনের সাহায্যে মালাড ব্যাক রোডে রাখা হয়। পরিকল্পনা ছিল সঠিক সময়মতো সেখান থেকে সেতুর অংশগুলো সরিয়ে নেওয়া হবে। তবে পরে একদিন দেখা যায়  সেতুর অংশগুলো আর সেখানে নেই।
আর সেগুলো কোথায় বা গেল তাও কারোর জানা নেই। ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়। তারপর ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। সেখানেই খোঁজ মেলে দুষ্কৃতীদের। এ ঘটনায় সেতুটি নির্মাণে যে সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল, সেই সংস্থার এক কর্মী-সহ ৪ জনকে  গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।