পুবের কলম ওয়েবডেস্কঃ পুরুলিয়ার সভামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ‘ব্যান্ডেজ’ কটাক্ষ ঘিরে ক্ষোভ প্রকাশ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, তাঁকে কি আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে?
আরও পড়ুন:
রবিবার পুরুলিয়ার মানবাজারে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “আমাকে মারার প্ল্যান করছে নাকি?” তাঁর অভিযোগ, তাঁকে ইচ্ছাকৃতভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তিনি পালটা বলেন, “বলছে, আমি নাকি ভোটের সময় ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই।
আমি মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছি, হাসপাতালে গিয়ে রিপোর্ট দেখুন।”আরও পড়ুন:
প্রসঙ্গত, শনিবার কলকাতায় এসে অমিত শাহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ‘জনতার চার্জশিট’ পেশ করেন। সেই সময় তিনি কটাক্ষ করে বলেন, ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভিকটিম কার্ড’ খেলেন—কখনও পায়ে চোট, কখনও মাথায় ব্যান্ডেজ বা অসুস্থতার অজুহাত তুলে ধরেন। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে।এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ২০২১ সালের নির্বাচনের সময় তাঁর পায়ে আঘাতের ঘটনাও পরিকল্পিত ছিল বলে তিনি মনে করেন।
তাঁর কথায়, “তখনও হুইলচেয়ারে বসে প্রচার করেছি। এখন আবার একই কথা বলা হচ্ছে। এটা শুধু চরিত্রহনন নয়, এর পিছনে অন্য উদ্দেশ্যও থাকতে পারে।”আরও পড়ুন:
সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “আমাকে মারার পরিকল্পনা করা হচ্ছে কিনা জানি না, তবে আমি ভয় পাই না। রাখে কৃষ্ণ, মারে কে?” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।