পুবের কলম,ওয়েবডেস্ক: কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে আজ সকাল থেকে শুরু হল জ্ঞানভাপীতে এএসআই এর সমীক্ষা। সকাল ৭ টা থেকে সমীক্ষা শুরু হয়ে চলেছে দুপুর ১২ টা পর্যন্ত। কোনও রকম অনভিপ্রেত সমস্যা এড়াতে মসজিদের চারপাশে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল।

এদিকে এই সমীক্ষা বয়কট করেছে আঞ্জুমানে ইন্তেজামিয়া মসজিদ কমিটি।
মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা করার বিষয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে। আজ শুক্রবারই সেই আবেদনের শুনানি হওয়ার কথা। এর আগে সুপ্রিম কোর্ট মসজিদ চত্বরে  যে কোনও প্রকার সমীক্ষা নিষিদ্ধ করেছিল।

বৃহস্পতিবার, এএসআই-কে এই সমীক্ষা পরিচালনার অনুমতি দিয়েছিল ইলাহাবাদ হাইকোর্ট।
আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে,  ন্যায়বিচারের জন্য এই পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ। এতে উভয় পক্ষই উপকৃত হবে। একটা সুরাহা হবে। তবে, সুপ্রিম কোর্টের আদেশ মেনে মসজিদের ওজুখানায় সমীক্ষা চালানো যাবে না বলেও জানানো হয়েছে।