বিধানসভা ভোটপর্ব শেষ হতেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য থেকে তুলে নেওয়া হল আদর্শ নির্বাচনী আচরণবিধি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৭ মে থেকেই পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে আর কার্যকর থাকবে না নির্বাচনী আচরণবিধি। পাশাপাশি যেসব রাজ্যে উপনির্বাচন হয়েছিল, সেখান থেকেও এই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং ত্রিপুরার নির্বাচন দপ্তরগুলিকেও এই মর্মে নোটিস পাঠানো হয়েছে।

ফলে দীর্ঘ প্রায় দু’মাস পর সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি আবার স্বাভাবিক প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফিরে পেল।

উল্লেখ্য, গত ১৫ মার্চ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তার পরদিন থেকেই কার্যকর হয়েছিল আদর্শ নির্বাচনী আচরণবিধি। ৪ মে ফলপ্রকাশের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় এবার সেই বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল।

তবে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে এখনও জারি থাকছে নির্বাচনী আচরণবিধি। গত ২৯ এপ্রিল ভোটগ্রহণের দিন সেখানে ব্যাপক গোলযোগ ও অনিয়মের অভিযোগ ওঠায় গোটা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। আগামী ২১ মে ফলতায় ফের ভোটগ্রহণ হবে এবং ২৪ মে ফল ঘোষণা করা হবে। সেই কারণেই শুধুমাত্র এই কেন্দ্রেই আপাতত বহাল থাকছে আচরণবিধি।

এদিকে ভোটপর্ব সম্পূর্ণ মিটে যাওয়ায় পশ্চিমবঙ্গে দায়িত্বে থাকা বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্রকেও অব্যাহতি দেওয়া হয়েছে।