পুবের কলম,ওয়েবডেস্ক: যৌন হেনস্থা মামলায় শাস্তি পেতে চলেছে জাতীয় কুস্তি সংস্থার সভাপতি  ব্রিজভূষণ শরণ সিং! দিল্লি পুলিশের জমা করা চার্জশিটে এমনটাই ইঙ্গিত মিলেছে বলে খবর।

প্রসঙ্গক্রমে দিল্লি পুলিশ জানিয়েছে, কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে তা বিশ্লেষণ করে দেখা গেছে হেনস্তা, শ্লীলতাহানি এবং নজরদারির অপরাধে শাস্তি হতে পারে ব্রিজভূষণের।

১৩ জুন তৈরি হওয়া এই চার্জশিটে বিজেপি সাংসদ তথা  জাতীয় কুস্তি সংস্থার সভাপতি  ব্রিজভূষণের বিরুদ্ধে ৫০৬ (অপরাধমূলক ভীতিপ্রদর্শন), ৩৫৪ (নারীর শালীনতা নষ্ট করা), ৩৫৪ এ (যৌন হেনস্তা), ৩৫৪ ডি (নজরদারি) ধারায় অভিযোগ আনা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, তদন্তের খাতিরে এই মামলায় এখনও পর্যন্ত ১০৮ জন সাক্ষীর সঙ্গে কথা বলেছে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে জাতীয় কুস্তি সংস্থার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন সাক্ষী মালিক-ভিনেশ ফোগাতের মত কুস্তিগিররা। তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু ব্রিজভূষণ।