পুবের কলম, ওয়েবডেস্ক:  আফগানিস্তানে চিনের নয়া রাষ্ট্রদূতের নাম ঘোষণা হল। বুধবার আনুষ্ঠানিকভাবে তালিবানের অধীনে আফগানিস্তানের রাষ্ট্রদূতের নাম ঘোষণা করে চিন। তালিবান ক্ষমতা দখল নেওয়ার পর বিশ্বের মধ্যে চিন হল প্রথম দেশ যারা নতুন আফগানিস্তানের রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল। তালিবান ২০২১ সালে ক্ষমতা দখলের পর রাষ্ট্রদূত ঝাও জিং এই পদ গ্রহণ করলেন।

আফগানিস্তানে চিনের পূর্ববর্তী রাষ্ট্রদূত ছিলেন ওয়াং ইউ। তিনি ২০১৯ সালে দায়িত্ব গ্রহণ করেন, গত মাসে তাঁর মেয়াদ শেষ হয়েছে।

চিনের বিদেশমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানের প্রতি চিনের নীতি স্পষ্ট এবং সামঞ্জস্যপূর্ণ। আফগানিস্তান ও চিনের মধ্যে স্বাভাবিক বার্তা আদান প্রদান ও সহযোগিতার অগ্রগতি বজায় রাখার জন্য এই ঘোষণা করা হয়েছে।

আফগানিস্তানে নিযুক্ত নয়া রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল চিন

তালিবান প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ২০২১ সালের আগস্টের পর থেকে ঝাও জিংই প্রথম কোনও দেশের রাষ্ট্রদূত যিনি এই পদ গ্রহণ করেছেন। তালিবানের উপ মুখপাত্র বিলাল করিমি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, তালিবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মুহাম্মদ হাসান আখুন্দ, একটি অনুষ্ঠানে নয়া রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছেন। বুধবার আফগানিস্তানের রাষ্ট্রপতি প্রাসাদের সেই ছবি তালিবান প্রশাসনের তরফে প্রকাশ করা হয়েছে। যেখানে আখুন্দ এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সহ কর্মকর্তারা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন।

আফগানিস্তানে নিযুক্ত নয়া রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল চিন

উল্লেখ্য, তালিবানকে কোনও বিদেশি সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে বেইজিংয়ের বুধবারের এই নিয়োগ তালিবানকে আনুষ্ঠানিক স্বীকৃতির দিকে কোনও বিস্তৃত পদক্ষেপের ইঙ্গিত দেয় কিনা তার উত্তর মেলেনি।