পুবের কলম ওয়েব ডেস্ক: বিমানে যা ইচ্ছে তাই করার প্রবণতা যেন দিনদিন বাড়ছে। বুধবার মাঝ আকাশে এক দম্পতির মারামারি রুখতে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করল ব্যাঙ্ককগামী লুফথানসা বিমান।
আরও পড়ুন:
বিমানটি সুইৎজারল্যান্ডের মিউনিখ থেকে ব্যঙ্ককের দিকে যাচ্ছিল। মাঝ আকাশে জার্মান স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন শুরু করে।
ওই মহিলা থাইল্যান্ডের বাসিন্দা। গায়ে খাবার ছুঁড়ে দিয়েছে, চিৎকার করেছে স্বামী এমন অভিযোগ নিয়ে পাইলটের দ্বারস্থ হন ওই মহিলা। বিমানকর্মীরা অভিযুক্ত স্বামীকে থামানোর চেষ্টা করেন, তারপরও সে কথা না শোনায় বাধ্য হয়ে পাইলট দিল্লি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে। অনুমতি মিলতেই দিল্লিতে নেমে প্রায় জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ওই জার্মান নাগরিককে। এরপর সিআইএসএফ তাকে আটক করে। নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছে সে। তবে তাকে দিল্লিতে আটক করে রাখা হবে নাকি তার দেশে ফেরত পাঠানো হবে সেই নিয়ে জার্মান দূতাবাসের সঙ্গে কথা বলা হচ্ছে। অভিযুক্তের স্ত্রী অবশ্য ওই বিমানে করেই ব্যঙ্কক চলে যান।