পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাজারো ঈদ জামাত। নিউ ইয়র্কসহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে দুই শতাধিক জামাতসহ মোট সাড়ে ৩ হাজারেরও বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় বুধবার সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে।
অনুকূল আবহাওয়ার কারণে এবারের ঈদ জামাতে নতুন প্রজন্মের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। অধিকাংশ জামাত অনুষ্ঠিত হয় খোলা মাঠ, পার্ক কিংবা হোটেলের বলরুমে।
আরও পড়ুন:
ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করে স্থানীয় পুলিশ প্রশাসন। বিভিন্ন জামাতস্থলে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা।
এদিন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ব্রঙ্কসে বাংলাদেশিদের পরিচালিত একটি মসজিদের ঈদ জামাতে অংশ নিয়ে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ শেষে বহু প্রবাসী নির্ধারিত স্থানে পশু কোরবানিতে অংশ নেন। টেক্সাস, ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভেনিয়া-সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশের মতোই খোলা মাঠে পশু কোরবানি ও মাংস কাটার দৃশ্য দেখা যায়। এছাড়া অনেক প্রবাসী স্থানীয় গ্রোসারি ও সুপারমার্কেটে আগেভাগেই কোরবানির অর্ডার দিয়েছিলেন।
আরও পড়ুন:
গত কয়েক বছর ধরে আমেরিকান মুসলিমরা সম্মিলিতভাবে ঈদ উদযাপন করায় স্কুল-কলেজ ও অফিস-আদালতে ঈদের ছুটি পাওয়া সহজ হয়েছে। উল্লেখযোগ্যভাবে, নিউ ইয়র্ক সিটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০১৫ সাল থেকে ঈদের দিন সরকারি ছুটি কার্যকর রয়েছে। পাশাপাশি ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া-সহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে মুসলিম শিক্ষার্থী ও কর্মীরা ঈদের ছুটি ভোগের সুযোগ পান।