পারিজাত মোল্লা: মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মক্কেলের কাছ থেকে জোর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় । আইনজীবীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে হাইকোর্টের অরিজিনাল সাইট। এর পাশাপাশি বিষয়টি দেখবে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল।

অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এফআইআর করতে হবে বলে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । প্রাথমিকভাবে ওই আইনজীবীকে সাত দিনের জন্য শোকজও করেছেন তিনি।

আদালত সুত্রে প্রকাশ, সোনালী মুখোপাধ্যায় নামে এক মহিলার অভিযোগ, হাইকোর্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সদস্য আইনজীবী স্বাগত দত্ত মিথ্যে কথা বলে কয়েক হাজার টাকা নিয়েছেন।

 ওই মহিলা মোবাইলে পেমেন্টর স্ক্রিনশট এদিন এজলাসে বিচারপতিকে দেখান। দু'বার মিলিয়ে প্রায় ১০ হাজার টাকা নেন বলে অভিযোগ। এরপরই ওই আইনজীবীর কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, 'আপনি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হচ্ছে।

লিগ্যাল সার্ভিসেসের আইনজীবী হিসাবে আপনি কি টাকা দাবি করতে পারেন? আপনি কি টাকা নিয়েছিলেন?' এর জবাবে আইনজীবী বলেন, 'এটা আমি বলতে পারব না।
সম্ভবত আমার ক্লার্ক বলতে পারবেন।'বিচারপতি  ফের জানতে চান, 'আপনার ক্লার্ক কি আপনার অনুমতি না থাকলে এভাবে চাপ দিয়ে টাকা আদায় করতে পারে? আপনি কত দিন হাইকোর্টে ওকালতি করছেন?' আইনজীবী জানান, '২২ বছর'।

আদালত সূত্রের খবর, এই সময় এজলাসের মধ্যেই মোবাইলে অন্য কারও সঙ্গে কথা বলতে শুরু করেন সংশ্লিষ্ট আইনজীবী। এতে আরও ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 জানতে চান, 'আপনি আদালতের অনুমতি না নিয়েই এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। এই আদালত কি আপনাকে ফোনে কথা বলার অনুমতি দিয়েছে?'

 এরপরই সাতদিনের জন্য শোকজের প্রশাসনিক অর্ডার দেন। আইনজীবীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে হাইকোর্টের অরিজিনাল সাইট। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এফআইআর করতে হবে বলে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ জুলাই রয়েছে বলে জানা গেছে ।