পুবের কলম, ওয়েবডেস্কঃ গোয়া সফরে একের পর এক চমক। বলিউডের তারকা মডেল নাফিসা আলির পর তৃণমূলে যোগদান করলেন দেশের অন্যতম টেবিল টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ (Leander Paes)। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এদিন তৃণমূলে যোগদান করেন লিয়েন্ডার। টেনিস তারকার যোগদান নিয়ে মমতা বলেন, লিয়েন্ডার আমার ছোট ভাইয়ের মতো। কেন্দ্রের যখন মন্ত্রী ছিলাম তখন থেকেই লিয়েন্ডারের সঙ্গে পরিচয়। দেশের গর্ব লিয়েন্ডার পেজ।

আজ তিনিও আমাদের দলে যোগ দিলেন। আরও অনেকে যোগ দেবেন।

গোয়ায় একের পর এক চমক, নাফিসা আলির পর তৃণমূলে যোগদান লিয়েন্ডার পেজের

মমতা এদিন বলেন, গোয়াবাসীর মনে যে তৃণমূল রয়েছে তা প্রমাণিত। নারীর ক্ষমতায়ানে জোর দিয়েছে তৃণমূল। কারণ তৃণমূল মহিলাদের ক্ষমতায় বিশ্বাস করে।

উল্লেখ্য, উত্তরবঙ্গ থেকেই সরাসরি গোয়া সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয় সফরের দিনেই একের পর এক চমক। একঝাঁক সেলেবদের যোগদানের কথা আগেই ছিল। সেইমতো সকালের শুরুটাই হয়েছে তারকা, মডেল নাফিসা আলির (Nafisa Ali) যোগদানের মধ্যে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন নাফিসা। এছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন  পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷ তার পরেই যোগদান দেশের অন্যতম টেবিল টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ।

গোয়ায় একের পর এক চমক, নাফিসা আলির পর তৃণমূলে যোগদান লিয়েন্ডার পেজের

প্রসঙ্গত, বৃহস্পতিবার গোয়া বিমানবন্দর থেকে পানাজি পৌঁছনোর সময় কালো পতাকা দেখানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এই নিয়ে মমতা বলেন, আমি আসার সময় আমাকে কালো পতাকা দেখিয়েছে। গো ব্যাকও বলেছে। আমি সকলকে নমস্তে করেছি। গোয়ায় মানুষই এদের কালো হাত গুঁড়িয়ে দেবে। মনে রাখতে হবে, দিল্লির দাদাগিরি এখানে চলবে না।

উল্লেখ্য, তৃণমূল গোয়ার মানুষকে নতুন সকাল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিভিন্ন বিষয়কে সামনে রেখে তৃণমূল লড়াই করতে চলেছে তার মধ্যে অন্যতম হল গোয়ার অর্থনৈতিক অবস্থা, গোয়াকে দুষ্কৃতী মুক্ত করা, পরিকাঠামো পুনর্গঠনের ওপর জোর দেওয়া, খনিজ দুর্নীতি মুক্ত করা,  গোয়ার শাসন গোয়ার ভুমিপুত্রদের হাতে তুলে দেওয়া।