পুবের কলম,ওয়েবডেস্ক: রবিবার ইন্দো-মার্কিন শিল্পী এবং মুদ্রণকার জরিনা হাশমির ৮৬তম জন্মবার্ষিকী উদযাপন করে গুগল। এদিন গুগল ডুডলে সম্মান জানানো হয় প্রয়াত খ্যাতনামা এই শিল্পীকে। ১৯৩৭ সালে ভারতের আলিগড়ে জন্মগ্রহণ করেন জরিনা হাশমি। মাত্র ২১ বছর বয়সে একজন তরুণ কূটনীতিককে বিয়ে করেছিলেন জারিনা হাশমি। এরপর বিশ্ব ভ্রমণের জন্য যাত্রা শুরু করেছিলেন তিনি।
ব্যাংকক, প্যারিস এবং জাপান ভ্রমণ করেন তিনি।

জরিনার নিজের শিল্পকলায় বিভিন্ন মুসলিম দেশের শিল্পকলার মেলবন্ধন করেছিলেন। মুসলিম বিশ্বের প্রচলিত বিভিন্ন জ্যামেতিক নকশা তিনি শিল্প কর্মে ব্যবহার করেন। তাঁর প্রথম দিকের কাজগুলি ছিল বিমূর্ত এবং জ্যামিতিক শৈলীতে মোড়া। জরিনার বিমূর্ত শিল্পকলা বহু সময় ফিজিক্যাল রিয়ালিটিকে অতিক্রম করে গেছে অবলীলায়।

১৯৭৭ সালে নিউ ইয়র্ক সিটিতে থাকতে শুরু করেন জরিনা। এরপর মহিলা শিল্পীদের একজন শক্তিশালী সমর্থক হয়ে ওঠেন তিনি। শীঘ্রই হেরেসিস কালেক্টিভের সদস্য হয়ে ওঠেন। এটি ছিল একটি নারীবাদী ম্যাগাজিন যা রাজনীতি, শিল্প এবং সামাজিক ন্যায়বিচারের মধ্যে সংযোগ স্থাপন করত।

পরে তিনি নিউ ইয়র্ক ফেমিনিস্ট আর্ট ইনস্টিটিউটের অধ্যাপক হন, যা নারী শিল্পীদের জন্য সমান শিক্ষার সুযোগ দিত।
১৯৮০ সালে তিনি এআইআর গ্যালারিতে সহযোগি কিউরেটর হিসাবে যোগ দেন। তিনি গ্যালারিটির নাম দেন  ‘দ্য ডায়ালেক্টিক অফ এলিয়েনেশন: অ্যান এক্সিবিশন অফ থার্ড ওয়ার্ল্ড উইমেন আর্টিস্টস ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস’।

হাশমি তাঁর স্ট্রাইকিং ইন্টাগ্লিও এবং উডকাট প্রিন্টের শিল্পকর্মের জন্য বিখ্যাত। যেখানে তিনি বসবাস করেছিলেন এমন বাড়ি এবং শহরগুলির আধা-বিমূর্ত চিত্রগুলিকে একত্রিত করে। ২০২০ সালে তিনি প্রয়াত হন।  বহু দিন ধরেও আলঝাইমারে ভুগছিলেন তিনি।