পুবের কলম,ওয়েবডেস্ক: দেশের নামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আত্মহত্যার প্রবণতা যেন মহামারির আকার ধারণ করেছে। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে। আইআইটি খড়গপুরে ফায়জানকে হত্যা করা হয়েছে। সেই ঘটনা নিয়ে আদালতে মামলা চলছে।
এরই মধ্যে দিল্লির আইআইটি থেকে আরও এক মৃত্যুর খবর এসেছে। এই খ্যাতনামা প্রতিষ্ঠানের ২০ বছর বয়সি এক পড়ুয়া শনিবার আত্মহত্যা করেছে বলে পুলিশ দাবি করেছে। তবে এটিও ফায়জানের মতো কোনও কেস, নাকি মানসিক চাপের ফলে এই পরিণতি, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আয়ুষ আশনা নামের ওই পড়ুয়াকে  হস্টেল রুমের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আয়ুষ উত্তর প্রদেশের বাসিন্দা।  বিটেকের শেষ বর্ষের পরীক্ষা দিয়েছিলেন তিনি। পরীক্ষা সংক্রান্ত কোনও চাপের কারণে এমন ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। দিনকয়েক আগেই রাজস্থানের কোটাতে এক ১৭ বছর বয়সি পড়ুয়া আত্মহত্যা করে।
আইআইটির জন্য কোচিং নিচ্ছিল সে।

শিক্ষা প্রতিষ্ঠানে মৃত্যুর ঘটনার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন পড়াশোনার চাপের কথা। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকেই এই পথ বেছে নিচ্ছে। মানসিক অসুস্থতা ভয়ংকর আকার ধারণ করেছে। তারই প্রতিফলন ঘটছে এসব শিক্ষালয়ে। প্রসঙ্গত, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আত্মহত্যার ঘটনা ফুটে উঠেছিল রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমায়।