পুবের কলম,ওয়েবডেস্ক: টানা ভারি বৃষ্টিপাতের কারণে পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে কয়েক দিনের বৃষ্টিপাতে প্রাণহানির সংখ্যা ৭৬ জনে পৌঁছেছে। দেশজুড়ে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩৩ জন। রবিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ বলেছে, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দেশজুড়ে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় এখনও পর্যন্ত ৭৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, তুমুল বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে পঞ্জাবে। দেশটির এই প্রদেশে অন্তত ৪৮ জন, খাইবার পাখতুনখোয়ায় ২০ জন এবং বালুচিস্তানে পাঁচজন মারা গেছেন। গত ৬ জুলাই কেবল পঞ্জাবেই ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রদেশটির কিছু অংশে বৃষ্টিপাত অব্যাহত আছে। প্রবল বর্ষণের কারণে গত দু’দিনে পঞ্জাবে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।