পুবের কলম প্রতিবেদক: মিথ্যা মামলায় প্রায় দুই দশক ধরে  ফেঁসে রয়েছেন। নির্দোষ প্রমাণ না করতে পেরে নিম্ন আদালতে জেলও হয় হাওড়ার বাসিন্দা খোকন সরদার ও আবিদ আলী সরদারের। অবশেষে সুপ্রিম কোর্টে গিয়ে মিলল সাময়িক স্বস্তি। অভিযোগ, এরা দু’জন একটি মেয়েকে রাস্তায় নিগ্রহ করে।
তারপর একজন বাধা দিতে গেলে তাকে খুন করা হয়েছে। হাওড়ার সাঁকরাইল থানার করা এফআইআর-এর ভিত্তিতে মামলা হয় কোর্টে। ২০০৪ সালে হাওড়া জেলা আদালতে তাদের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করে আদালত।
তারপর তারা গিয়েছিলেন কলকাতা উচ্চ আদালতে। তাতেও অবশ্য রেহাই মেনেনি। অবশেষে সম্প্রতি দেশের সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অভিযুক্ত খোকন সরদার ও আবিদ আলী সরদার। এই দুই অভিযুক্তের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বেলা এম ত্রিবেদী জামিন মঞ্জুর করেছেন।

এ নিয়ে তাদের আইনজীবীর দাবি, আমাদের মক্কেল নির্দোষ। শীর্ষ আদালতে তা প্রমাণিত হবে এবং বেকসুর খালাস হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এই দুইজনের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছিলেন আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায়, ফজলুর রহমান, রউফ রহিম, নাসরা আলী রহমান এবং আলী আসগর রহিম। এ নিয়ে নাসরা আলী রহমান বলেন, তারা আগে সিপিএম করত হঠাৎ করে দল বদল করে নিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। সম্পূর্ণ রাজনীতিক কারণে খুনের মামলায় আমার মক্কেলকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে সুপ্রিম কোর্ট থেকে জামিন করাতে পেরেছি।