পুবের কলম,ওয়েবডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর।তাঁর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক চলছে সমগ্র দেশে। অর্ধনমিত জাতীয় পতাকা।

বিদায় মনমোহন:  নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন প্রাক্তন প্রধানমন্ত্রীর

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন সকালে কংগ্রেসের সদর দফতরে  মনমোহন সিং-এর মরদেহ শায়িত রাখা হয়।

সেখানে তাঁকে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব এবং অন্য রাজনীতিবিদরা। সেখান থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে আসা হয় যমুনা নদীর ধারে পূর্বনির্ধারিত নিগমবোধ ঘাটে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় মনমোহন সিংহকে।

বিদায় মনমোহন:  নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন প্রাক্তন প্রধানমন্ত্রীর

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের সময়ে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি, মল্লিকার্জুন খড়গে-সহ কংগ্রেসের অন্য নেতারা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, বিজেপি সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং অন্য বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন সেখানে। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটক সকালে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে গিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

বিদায় মনমোহন:  নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন প্রাক্তন প্রধানমন্ত্রীর

তবে শুধু দেশের অন্দরে নয় বিদেশ থেকেও তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও।  প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ভারতে সমস্ত দূতাবাস এবং উপদূতাবাসে ভুটানের পতাকা শনিবার অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার। মরিশাস সরকারও এ দেশে তাদের দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।