আবদুল ওদুদ: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের পুলিশি যাচাইকরণ এবং ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির দাবিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি দিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। ২৮ নভেম্বর পাঠানো এই চিঠিতে তিনি পুলিশের এই পদক্ষেপের আইনি ভিত্তি ও উদ্দেশ্য নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন।
চিঠিতে সাংসদ উল্লেখ করেছেন, মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকার স্থানীয় পুলিশ প্রশাসন ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের চিহ্নিত করে থানায় ডেকে পাঠাচ্ছে এবং তাঁদের নাগরিকত্ব ও পরিচয় প্রমাণের নথি জমা দিতে বলছে। এই ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে চারটি মূল প্রশ্নের জবাব চেয়েছেন খলিলুর রহমান। তিনি জানতে চেয়েছেন, কোন আইনি বলে স্থানীয় পুলিশ এই যাচাইকরণ প্রক্রিয়া চালাচ্ছে এবং ভারতের নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই মর্মে কোনো লিখিত নির্দেশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কি না। এছাড়া, এই অনুসন্ধানের নির্দিষ্ট উদ্দেশ্য কী এবং যাচাইয়ের নামে প্রকৃত নাগরিকরা যাতে কোনোভাবেই অযথা হয়রানি বা ভয়ভীতির শিকার না হন, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
পাশাপাশি, নির্ধারিত ট্রাইব্যুনালগুলোতে বাদ পড়া ভোটারদের হাজার হাজার আবেদন ঝুলে থাকার বিষয়টিও চিঠিতে তুলে ধরেন।
  ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে আবেদনকারীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও চিঠিতে সাংসদ জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর বর্তমান অবস্থা, মামলা নিষ্পত্তির কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না এবং যোগ্য ভোটাররা কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত আশা করতে পারেন, সে বিষয়ে কমিশনের স্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন।
সিইও কে লেখা চিঠিতে সাংসদ খলিলুর রহমান অনুরোধ জানিয়েছেন, চলমান পুলিশি অনুসন্ধানের বিষয়ে কমিশন যেন দ্রুত প্রয়োজনীয় ব্যাখ্যা জারি করে এবং যাচাইকরণের নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করে। একইসঙ্গে, প্রকৃত ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে বিচারাধীন ট্রাইব্যুনাল মামলাগুলো নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।