এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি মঙ্গলবার বলেছেন, ভারতে মুসলিম জনসংখ্যা কোনো দিনই হিন্দু জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে না। তবে ইচ্ছাকৃতভাবে মুসলিমদের বিরুদ্ধে ভুল ধারণা তৈরি করা হচ্ছে। পুনে ওয়ার্কিং জার্নালিস্টস ইউনিয়ন (PUWJ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওয়াইসি জানান, মুসলিম সম্প্রদায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তাদের অগ্রগতির পথে নানা বাধা তৈরি করছে। তিনি আরও বলেন, সর্বশেষ জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী মুসলিমদের মোট প্রজনন হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ওয়াইসি দাবি করেন, মুসলিম সমাজ শিক্ষার মাধ্যমে অগ্রগতি চায়।