পুবের কলম ওয়েবডেস্ক: দেশের জাতীয় পতাকাকে যাতে রাজনৈতিক এবং ধর্মীয় স্বার্থে ব্যবহার করা না যায়,সেই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশিকা চেয়ে যে আবেদন পেশ করা হয়েছে, তা নিয়ে সামনের ১৪ জুলাই শুনানি হবে সুপ্রিম কোর্টে।

 

এই আবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালের জাতীয় সম্মান ভঙ্গের চেষ্টা প্রতিরোধ আইন এবং ২০০২ সালের জাতীয় পতাকা বিধির ধারা যাতে কঠোর ভাবে প্রয়োগ করে জাতীয় পতাকাকে যথোচিত গুরুত্ব দিয়ে সম্মান জানানো হয় তার ব্যবস্থা করা প্রয়োজন।

প্রধান বিচারপতি গাভাই, বিচারপতি কে বিনোদচন্দ্রন এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ এই মামলা শুনবে। আবেদনকারীরা বলেছেন, যাতে কোনও রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠন জাতীয় পতাকাকে রাজনৈতিক এবং ধর্মীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, এমন কী জাতীয় পতাকায় দলের লোগো ব্যবহার বা কোনও ধর্মীয় প্রতীক ব্যবহার বা কিছু লেখা যেন না যায় সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে সুস্পষ্ট নির্দেশিকা দিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। উল্লেখ্য, অপারেশন সিঁদুর এর পরে দেশজুড়ে বিজেপি কর্মীরা জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিলেন।