পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির মসনদে বসতে না বসতেই দেশবাসীকে 'অচ্ছে দিন' এর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসী অ্যাকাউন্টে ১৫ হাজার টাকা দেওয়া থেকে নোটবন্দি ইস্যুতে বাজার থেকে কালো টাকা বন্ধের প্রতিশ্রুতি শোনা গিয়েছিল তাঁর মুখে। কেন্দ্রে ক্ষমতায় এলে সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত কালো টাকা দেশে ফেরত আনবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। কারণ মোদির জমানাতেই ভারতীয়দের সুইস ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তারপরেও দেশবাসী ২০১৯ সালে বিজেপি সরকারকে জিতিয়ে নিয়ে এসে মোদিকে গদিতে বসিয়েছে।
আরও পড়ুন:
এবার উত্তরপ্রদেশের সম্বল জেলায় শ্রী কল্কিধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে মোদির দাবি, ভারত শুধু বিদেশ থেকে দেশের প্রাচীন মূর্তি ফিরিয়েই আনছে না, ব্যাপক বিদেশি বিনিয়োগ পাচ্ছে। সোমবার বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময়ের বৃত্ত সরে গেছে। শুধু মন্দির নয়, হাসপাতালও তৈরি করছি আমরা। একদিকে যেমন তীর্থস্থানগুলির উন্নতি হচ্ছে, অন্যদিকে শহরগুলিতে অত্যাধুনিক পরিকাঠামো তৈরি হচ্ছে। মোদির মুখে এদিন ফের ছত্রপতি শিবাজীর নাম শোনা যায়।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেই বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকার মন্দির উদ্বোধনের দিকে অধিক মন দিয়েছে।
সম্প্রতি উত্তরপ্রদেশে রাম মন্দির উদ্বোধন করেছেন মোদি। দেশ ছাড়িয়ে আবুধাবিতে হিন্দু মন্দিরের সূচনা হয়েছে, এবার উত্তরপ্রদেশের সম্বল জেলায় কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে সারাদেশ থেকে ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। মোদির সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কল্কি ধাম পীঠধীশ্বর আচার্য প্রমোদ কৃষ্ণম। এই কৃষ্ণমকেই দলবিরোধী বক্তব্যের জন্য সম্প্রতি ছয় বছরের জন্য কংগ্রেস বহিষ্কার করে। এদিন মন্দিরের একটি মডেল উন্মোচন করা হয়। শ্রী কল্কি ধামটি শ্রী কল্কি ধাম নির্মাণ ট্রাস্ট দ্বারা নির্মিত হচ্ছে। যার চেয়ারম্যান হলেন কৃষ্ণম।আরও পড়ুন:
জানা গেছে, এই মন্দিরে একটি নয়, ১০টি গর্ভগৃহ থাকবে। ভগবান বিষ্ণুর ১০টি অবতারের ১০টি ভিন্ন গর্ভগৃহ স্থাপন করা হবে। মন্দিরটি একই গোলাপী রঙের পাথর দিয়ে তৈরি করা হচ্ছে যেখান থেকে সোমনাথ মন্দির এবং অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে। আনুমানিক ৫ একর জমিতে ১০৮ ফুট চূড়াবিশিষ্ট এই মন্দির নির্মিত হবে। নির্মাণে আনুমানিক ৫ বছর সময় লাগতে পারে।
আরও পড়ুন: