পুবের কলম,ওয়েবডেস্ক: মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। রবিবার সকাল থেকেই সামশেরগঞ্জ থানার হীরানন্দপুর ভাঙালাইন এলাকাতে ব্যাপক বোমাবাজি শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস এবং নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে বোমাবাজি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ।
তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বোমাবাজির সঙ্গে জড়িত থাকার জন্য সেখান থেকে আটক করা হয়েছে নির্দল প্রার্থীর স্বামীকে।

অন্যদিকে, রবিবার সকালে রানীনগর থানার চকরানপাড়া এলাকাতে রাজনৈতিক হিংসাতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

ভাঙচুর করা হয়েছে প্রায় দশটি বাড়ি।
রবিবার সকাল আটটা নাগাদ স্থানীয় কয়েকজন কংগ্রেস কর্মী এলাকার তৃণমূল সমর্থক পরিবারদের ওপর বোমা-গুলি লাঠি নিয়ে হামলা চালায়।

জানা গিয়েছে, চারজন তৃণমূল সমর্থক আহত হয়েছেন। পাশাপাশি, মুর্শিদাবাদের বেলডাঙা থানার সামনে দীর্ঘক্ষন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন কংগ্রেস কর্মীরা। বেলডাঙা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ব্যাপক লাঠিচার্জ করে সেই পথ অবরোধ তুলে দেয়। পুলিশের লাঠি চার্জের ঘটনাতে কমপক্ষে ১০ জন কংগ্রেস কর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।