পুবের কলম ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই শক্তি সঞ্চয় করছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গত ৬ ঘণ্টায় এটি ঘণ্টায় নির্দিষ্ট গতিবেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং মঙ্গলবার সকালে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের অনুমান, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া সংলগ্ন মাচিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে দিয়ে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
আরও পড়ুন:
এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন:
বুধবার থেকে বৃষ্টি ছড়াবে বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদীয়া ও পুরুলিয়ায়। এ সময় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গেও প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে, ঘণ্টায় ৩০–৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।