পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছেন। তৎপরতার সঙ্গে একের পর এক পদক্ষেপ করছেন। রেলের কাজেও গতি বাড়াতে উদ্যোগী হয়েছেন। গত শনিবার বাংলায় এসে একাধিক রেল প্রকল্পের কথা বলে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, রেলের কাজের জন্য সবধরনের সহযোগিতা করা হবে। এবার কাজে গতি আনতে উদ্যোগী হল রাজ্য সরকার।
গঠন করা হল টাস্ক ফোর্স।আরও পড়ুন:
উল্লেখ্য, বর্তমানে রাজ্যে অনেক রেল প্রকল্প রয়েছে, যেগুলি জমি জট থেকে শুরু করে নানা কারণে আটকে রয়েছে। আগের সরকারের অসহযোগিতার অভিযোগও রয়েছে। এই অবস্থায় টাস্ক ফোর্স রেল প্রকল্পের কাজে গতি আনবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। মোট ২০ জন সদস্য রয়েছে এই টাস্ক ফোর্সে।
তার মধ্যে রয়েছেন বিভিন্ন দপ্তরের সচিবরা। একই সঙ্গে রেলের বিভিন্ন আধিকারিকরাও আছেন। তাদের মূল কাজ হল রেলের যে সমস্ত প্রস্তাবিত কাজ রয়েছে সেগুলি পর্যালোচনা করা। কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স। আর যদি কোনওরকম বাধা বা সমস্যা আসে, তা তারা দূর করতে উদ্যোগী হবে। বিশেষ করে জমি জট, বিদ্যুৎ, রাস্তা এবং অন্যান্য সমস্যার সমাধানে ভূমিকা গ্রহণ করবে টাস্ক ফোর্স। এছাড়া, কোনও প্রকল্পে যদি প্রশাসনিক জটিলতা বা অনুমতির প্রয়োজন হয়, তাও খতিয়ে দেখবে।আরও পড়ুন:
রাজ্যের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এই টাস্ক ফোর্স। জানা গেছে, রেল প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে টাস্ক ফোর্স প্রতি মাসে একবার করে বৈঠক করবে। সেই বৈঠকের পাশাপাশি মুখ্যসচিব চাইলে মাসে আরও একাধিকবার বৈঠক করতে পারেন। এছাড়া প্রতি সপ্তাহে টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই একাধিক প্রকল্প রয়েছে, যেগুলি তৎকালীন রাজ্য সরকারের সময় নানা কারণে আটকে ছিল। সেরকম ৭০টি প্রকল্প আছে। সেই সব প্রকল্পে গতি আনতে রাজ্য সরকার সবরকমভাবে সাহায্য করবে বলে জানা গেছে। এরজন্য ইতিমধ্যে ১ লক্ষ কোটি টাকা প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল।