পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে সরকার পরিবর্তনের পর শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হল। কেন্দ্র ও রাজ্যের শিক্ষা দপ্তরের মধ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হল। পূর্বের তৃণমূল সরকারের আমলে এই বিষয়ে জটিলতা ও মতবিরোধ ছিল। তবে নতুন সরকারের আমলে সেই জটিলতার অবসান ঘটল। ফলে এবার বাংলার স্কুল শিক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে মনে করছে শিক্ষক মহলের একাংশ।
আরও পড়ুন:
শুধু জাতীয় শিক্ষানীতিই নয়, এর পাশাপাশি রাজ্যে চালু হতে চলেছে পিএম শ্রী প্রকল্পও। সূত্রের খবর, রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি করে বিদ্যালয়কে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আধুনিক পরিকাঠামো, উন্নত পাঠদান ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাকে গুরুত্ব দিয়েই এই উদ্যোগ এগোবে। বিশেষজ্ঞদের মতে, নতুন শিক্ষানীতির মূল লক্ষ্য হল পড়ুয়াদের কেবল বইভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির দিকে এগিয়ে দেওয়া। ছোটবেলা থেকেই হাতে-কলমে কাজ শেখার সুযোগ তৈরি হলে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা আরও আত্মনির্ভর হয়ে উঠবে।
উল্লেখ্য, আগের সরকারের আমলে জাতীয় শিক্ষানীতি চালু করা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে একাধিকবার মতপার্থক্য দেখা দিয়েছিল। সেই সময় রাজ্য নিজস্ব শিক্ষানীতির খসড়াও তৈরি করেছিল। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় এবার কেন্দ্রের নীতিই কার্যকর করার পথে এগোচ্ছে বাংলা।আরও পড়ুন:
এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক নেতৃত্ব থাকায় সাধারণ মানুষ তার সরাসরি সুবিধা পাবেন। তাঁর দাবি, নতুন বিদ্যালয় প্রকল্প চালু হলে রাজ্যের সরকারি স্কুলগুলির আর্থিক ও পরিকাঠামোগত উন্নয়ন হবে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতির মাধ্যমে পড়ুয়ারা ভবিষ্যতের কর্মজগতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে।