পুবের কলম প্রতিবেদক: লিভারপুলের অন্যতম সফল ফুটবলার তিনি। মুহাম্মদ সালাহকে সঙ্গী করে প্রিমিয়ার  লিগসহ চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে অজস্র ম্যাচে জয় এনে দিয়েছিলেন সাদিও মানে। যদিও মনোমালিন্যের কারণে গত মরশুমে সেনেগালের তারকা বায়ার্ন মিউনিখে যোগ দেন। নতুন ক্লাবে যোগ দিলেও, সাদিও মানেকে সেভাবে মিউনিখের ক্লাবটির হয়ে মাঠে নামতে দেখা যায়নি। আর যে’কটা ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন, নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি।
যার ফলে বায়ার্ন মিউনিখে এক মরশুম কাটাতে না কাটাতেই আবারও দলবদল করতে চাইছেন মানে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসর রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে সেনেগালিজ তারকাকে নিজেদের ক্লাবে টানতে চাইছে।

বাভারিয়ানদের হয়ে গত মরশুমে স্বমেজাজে খেলতে দেখা যায়নি সাদিও মানেকে। ২৫ ম্যাচ খেলে করেছেন ৭ গোল। ইনজুরির কারণে খেলতে পারেননি কাতার বিশ্বকাপে।
একটি কঠিন মরশুম পার করার পর মানের ক্লাব পরিবর্তন অবধারিতই হয়ে পড়েছে। তার ওপর  সেনেগালিজ তারকা কোচ থমাস টুখেলের পরিকল্পনায় থাকছে না বলে শোনা যাচ্ছে। সেই সুযোগটি নিয়ে রেকর্ড দর হাঁকিয়ে বসেছে সউদি আরবের নামী এই ক্লাবটি। শোনা গিয়েছে, মানের আল নাসরে যাওয়া নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে। মানেকে ছাড়ার বিনিময়ে বায়ার্ন ৩০ মিলিয়ন ইউরো দাবি করেছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সিআরসেভেনের সঙ্গে ৩১ বয়সী সাদিও মানেকে আল নাসরে জুটি বাধতে দেখা যাবে।