পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠল। ভোট দিতে ওড়িশা থেকে মালদহের বাড়ি ফিরছিলেন ১৭ জন শ্রমিক। কিন্তু পথেই ওড়িশা পুলিশ তাঁদের আটক করে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে মালদহে চাঞ্চল্য ছড়িয়েছে, ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা ও স্থানীয় মানুষজন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আটক হওয়া শ্রমিকরা মালদহ জেলার হরিশচন্দ্রপুর এলাকার বাসিন্দা।
আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে তাঁরা ওড়িশা থেকে বাড়ি ফিরছিলেন। পরিবারের অভিযোগ, মঙ্গলবার তাঁদের আটক করে ওড়িশা পুলিশ। শ্রমিকদের পরিবারের দাবি, বাংলায় কথা বলার কারণেই তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে।আরও পড়ুন:
ঘটনার খবর এলাকায় পৌঁছতেই আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। আটক শ্রমিকদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
তাঁদের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধেই বারবার বাংলার শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে। ভোটের মুখে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।আরও পড়ুন:
ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। তৃণমূলের অভিযোগ, এটি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত এবং বাংলার মানুষের অধিকার খর্ব করার চেষ্টা। দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এই ঘটনার প্রভাব পড়ে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের নির্বাচনী সফরেও। বুধবার হরিশ্চন্দ্রপুরে জনসভা করতে গিয়ে স্থানীয় মানুষ ও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সমীক। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কাউকে বাংলা বলার জন্য আটক করা হয়নি; বেআইনি অনুপ্রবেশ রুখতেই প্রশাসন কাজ করছে।