তামিলনাড়ুতে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার গণনা পর্ব শেষ হওয়ার পর ভোটার তালিকা থেকে মোট ৯৭.৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। ফলে রাজ্যের বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫.৪৩ কোটি—শুক্রবার এ কথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অর্চনা পাটনায়েক। তিনি জানান, ২০২৫ সালের ২৭ অক্টোবর পর্যন্ত এসআইআর-পূর্ব ভোটার তালিকায় ভোটার ছিলেন ৬.৪১ কোটি। নতুন খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ২.৭৭ কোটি, মহিলা ভোটার ২.৬৬ কোটি।

তৃতীয় লিঙ্গের ভোটার ৭,১৯১ জন এবং প্রতিবন্ধী ভোটারের সংখ্যা ৪.১৯ লক্ষ। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পাটনায়েক বলেন, Election Commission of India-এর নির্দেশে তামিলনাড়ুতে এসআইআর প্রক্রিয়া চলছিল। ১৪ ডিসেম্বর গণনা পর্ব শেষ হয়েছে এবং আজ সংশোধিত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা নির্বাচন আধিকারিকরা খসড়া তালিকা প্রকাশ করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলিকে বিস্তারিত তথ্য দিয়েছেন।
গণনা পর্বে বিএলও ও বিএলএরা সর্বোচ্চ তিনবার বাড়ি বাড়ি গিয়ে যাচাই করেন। সেই ভিত্তিতেই খসড়া তালিকা তৈরি হয়েছে। অনুপস্থিত, স্থায়ীভাবে স্থানান্তরিত, মৃত এবং একাধিক স্থানে নাম নথিভুক্ত থাকা ভোটারদের চিহ্নিত করে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। বিস্তারিত হিসেবে মৃত ভোটার ২৬.৯৪ লক্ষ, স্থায়ীভাবে স্থানান্তরিত বা অনুপস্থিত ৬৬.৪৪ লক্ষ, একাধিক স্থানে নথিভুক্ত ৩.৩৯ লক্ষ।
এছাড়া এসআইআর অভিযানে প্রায় ১২ হাজার ব্যক্তি নাম নথিভুক্ত করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। দাবি ও আপত্তির সময়সীমা শুরু হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, যাঁদের নাম নেই বা নতুন ভোটাররা ফর্ম-৬-এর মাধ্যমে অন্তর্ভুক্তির আবেদন করতে পারেন। দাবি ও আপত্তির জন্য ফর্ম-৭ এবং ঠিকানা পরিবর্তনের জন্য ফর্ম-৮ রয়েছে। সব তথ্য বিএলওদের কাছে বা অনলাইনে জমা দেওয়া যাবে। বিশেষ ক্যাম্পও করা হবে। শ্রীলঙ্কা থেকে প্রত্যাবর্তনকারীদের ফর্ম-৬ অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয়েছে; প্রয়োজনে ইআরওরা অতিরিক্ত নথি চাইবেন। সর্বাধিক ভোটার বাদ পড়েছে শোলিঙ্গানাল্লুর, পাল্লাভারম ও আলান্দুর বিধানসভা কেন্দ্রে।