পুবের কলম, ওয়েবডেস্ক: গ্রীষ্মের প্রবল তাপপ্রবাহের স্বস্তি দিয়ে বৃষ্টি নেমেছিল দক্ষিণবঙ্গ সহ কলকাতা। সেই সঙ্গে বইছিল ঝোড়ো হাওয়া। কিন্তু সেই স্বস্তি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল। মরশুমের প্রথম কালবৈশাখী প্রাণ কেড়ে নিল ৯ জনের।
মৃতদের প্রতি শোকজ্ঞাপন করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘গতরাতে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের জেরে ৯ জনের মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। বজ্রপাতের জেরে পূর্ব বর্ধমানে ৫ জন মারা গিয়েছেন। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় বজ্রপাত প্রাণ কাড়ে ২ জনের। নদিয়ায় দেওয়াল ভেঙে মৃত্যু হয় ২ জনের। পাশাপাশি গাছ ভেঙে পড়ে দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয় একজনের। আমাদের জেলা প্রশাসন সব জায়গায় সারা রাত ধরে দুর্যোগ মোকাবিলায় কাজ করেছেন। গাইড লাইন মেনে প্রশাসনের তরফে ত্রাণ ও সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করা হবে।’মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘দুর্যোগের জেরে যে ১২টি পরিবার তাঁদের পরিজনকে হারিয়েছেন, সেই স্বজনহারা পরিবারের প্রতি আমার সমবেদনা।’আরও পড়ুন:
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারও রাজ্যের ১১ জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা।