পুবের কলম ওয়েব ডেস্কঃ সম্প্রতি আলজেরিয়া সফরে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কিন্তু এই সফরে ফরাসি নেতা এমন কিছু মন্তব্য করেছেন যার জেরে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে তুরস্ক। একসময়ের ফরাসি উপনিবেশ আলজেরিয়ায় ম্যাক্রোঁ গিয়ে বলেছেন, রাশিয়া ও চিনকে সঙ্গে নিয়ে ‘সক্রিয় নেটওয়ার্ক’ বানিয়েছে তুরস্ক যার মাধ্যমে আফ্রিকায় একটি ‘নব্য ঔপনিবেশিক’ ও ‘সাম্রাজ্যবাদী’ ‘ফ্রেঞ্চ বিরোধী প্রোপাগান্ডা’ চলছে।
আরও পড়ুন:
ম্যাক্রোঁর এই মন্তব্যের প্রেক্ষিতে তুরস্ক জানায়, নিজেদের ঔপনিবেশিক ইতিহাসকে ভুলে গিয়ে ফ্রান্স শুধু তার ‘বিকৃত মানসিকতার’ পরিচয় দিচ্ছে। ম্যাক্রোঁর মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করে তুরস্কের বিদেশমন্ত্রক।
আরও পড়ুন:
আরও বলা হয়, ‘আফ্রিকায় ফ্রান্সের ঔপনিবেশিক ইতিহাসের মুখোমুখি হতে সমস্যা রয়েছে ফরাসি নেতার।’ এরদোগান সরকার বরবারই বলে এসেছে, নিজের দোষ ঢাকতে অন্য কোনও দেশকে অভিযুক্ত করার নীতি নিয়ে চলেছে প্যারিস। এর আগেও আলজেরিয়া সফরে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ম্যাক্রোঁ। সেবার বলেছিলেন, ফরাসি উপনিবেশের আগে নাকি আলজেরিয়া নামক কোনও দেশের অস্তিত্ব ছিল না। তুরস্কের দাবি, আফ্রিকায় ফ্রেঞ্চ-বিরোধী অনুভূতির ব্যাখ্যায় ফ্রান্স প্রতিবারই তৃতীয় বিশ্বের দেশগুলিকে টেনে আনে ও ইতিহাসকে অস্বীকার করে। উল্লেখ্য, তুরস্ক আফ্রিকান ইউনিয়নের সহযোগী এবং আফ্রিকায় শান্তি ও স্থিতিশীলতাকে উৎসাহিত করে থাকে।