পুবের কলম,ওয়েবডেস্কঃ কমেছে যমুনার জলস্তর। ধীরে ধীরে নামছে রাস্তার জল। খানিকটা হলেও কেটেছে দুর্যোগের মেঘ। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে রাজধানীর একাধিক রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেজরি সরকার।

প্রসঙ্গক্রমে দিল্লি ট্রাফিক পুলিশ সোমবার সংবাদমাধ্যমে জানিয়েছে যে, দেশের রাজধানীর বেশ কয়েকটি রাস্তা, যা আগে যমুনা নদীর জলস্ফীতির কারণে বন্ধ ছিল তা এখন আবার খুলে দেওয়া হয়েছে।
 তবে আপাতত ভারী যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দিল্লিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে বিতর্ক যেন পিছু ছাড়ছে না কেজরি সরকারের। এই ক্ষতিপূরণ ‘অতিসামান্য’ বলে তোপ দেগেছে বিজেপি। অন্যদিকে বিজেপির জন্যই দিল্লিতে বন্যা হয়েছে বলে পাল্টা মন্তব্য করেন আপ সুপ্রিমো।