পুবের কলম,ওয়েবডেস্ক: এবার দলিত ব্যক্তির মুখে মল মাখিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনাস্থল সেই মধ্যপ্রদেশে। দলিত দশরথ আহিরওয়ারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রামকৃপাল প্যাটেলকে পাকড়াও করা হয়েছে। শুক্রবার, ছতরপুর জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে বিকাউরা গ্রাম পঞ্চায়েত এলাকায় নালা তৈরির কাজ করছিলেন দশরথ।
পুলিশ জানিয়েছে, কাজ করতে করতেই দশরথ ও তাঁর সহকর্মীরা পাশেই স্নানরত রামকৃপালের সঙ্গে ঠাট্টা মসকরা করছিলেন। দশরথের অভিযোগ, ‘আমার হাতে গ্রিজ লেগেছিল। ভুলবশত সেই হাত রামকৃপালের গায়ে লেগে যায়। এরপর যে মগ দিয়ে রামকৃপাল স্নান করছিলেন, সেই মগে করে পাশে পড়ে থাকা মানুষের মল-মূত্র তুলে নিয়ে এসে আমার শরীরে মাখিয়ে দেন।
এমনকী আমার মাথা এবং মুখেও মাখিয়ে দেওয়া হয় মানুষের মল-মূত্র। এরপর বাধ্য হয়েই আমি পুলিশের দ্বারস্থ হই আর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করি।’দশরথের আরও দাবি, শুক্রবার তিনি বিষয়টি নিয়ে পঞ্চায়েতে নালিশ জানাতে গিয়েছিলেন। কিন্তু উলটে পঞ্চায়েতই তাঁর উপর ৬০০ টাকা জরিমানা ধার্য করে। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি আইনের পাশাপাশি একাধিক অন্য ধারায় মামলা রুজু করেছে রামকৃপালের বিরুদ্ধে। যদিও পঞ্চায়েতের তরফ থেকে দশরথের উপর জরিমানা ধার্য করার বিষয়টি সম্পর্কে অবগত নন বলেই জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।