পুবের কলম, ওয়েবডেস্ক:  জম্মু-কাশ্মীরের ডোডায় মর্মান্তিক দুর্ঘটনা। খাদে  বাস উল্টে পড়ে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনের বেশি যাত্রী।

পুলিশ সূত্রে খবর, বু্ধবার সাতসকালে এই দুর্ঘটনা ঘটে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায়। জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত বাসটির নাম্বার ছিল জেকে০২সিএন৬৫৫৫।

বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন। কিস্তওয়ার থেকে জম্মু যাওয়ার পথে, জাতীয় সড়ক ২৪৪ থেকে গভীর খাদে পড়ে যায় যাত্রী বোঝাই একটি বাস। ডোডা থেকে ১৫ কিলোমিটার দূরে রাগিনালা অসর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ডোডার পুলিশ সুপার-সহ স্থানীয় পুলিশ কর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
সেনার উদ্ধারকারী দলকেও খবর দেওয়া হয়। জোরকদমে উদ্ধারকাজ চলছে।

এসএসপি ডোডা আব্দুল কাইয়ুম জানিয়েছেন, যে এই ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন মারা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। জেলা প্রশাসনকে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। দুর্ঘটনার খোঁজ নেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “অসর অঞ্চলে বাস দুর্ঘটনার খবর পাওয়ার পর, জম্মু ও কাশ্মীরের ডোডার জেলা কমিশনার, হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা বললাম। আহতদের প্রয়োজন অনুযায়ী কিশতওয়ার জেলা হাসপাতাল এবং জিএমসি ডোডায় নিয়ে যাওয়া হচ্ছে। গুরুতর আহতদের অন্য হাসপতালে নিয়ে যেতে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে। আমি সর্বক্ষণ যোগাযোগে রাখছি'।