পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার রাত ৯ টায় এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে সেই সময় পেরিয়ে মধ্যরাতে প্রকাশ করা হয় এই তালিকা। এই ঘটনায় চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এনিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

 

তৃণমূল নেত্রীর প্রশ্ন, কেন মাঝরাতে তালিকা প্রকাশ করা হল? এর নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। তিনি আরও দাবি করেছেন, বাকি যাদের নাম তালিকায় উঠেছে সেটা তাঁর জন্যই। তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বলেই সেটা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, এসআইআর রাজ্যে শুরু হওয়ার আগে থেকেই তীব্র বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা। ভোটের আগে কেন এসআইআর করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে আসছে তারা। বিরোধীদের দাবি, এর নেপথ্যে রাজনৈতিক কারণ হয়েছে। শুধু তাই নয়, কেন বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।
 

অন্যায়ভাবে নাম বাদ গেলে তিনি বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন। একাধিবার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন। কিন্তু, উত্তর না মেলায় শেষ পর্যন্ত তিনি জ্ঞানেশের সঙ্গে দেখা করেন। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। তাতে বিচারাধীনের তালিকায় ৬০ লক্ষের নাম ছিল। সোমবার গভীর রাতে প্রকাশিত তালিকা অনুযায়ী  ২৮ লক্ষ বিচারাধীনের নামের নিষ্পত্তি হয়েছে। যদিও কত নাম বাদ পড়েছে সেই তথ্য নেই কমিশনের কাছে।