বিবেচনাধীন ভোটারদের নিয়ে দ্বিতীয় দফার অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার গভীর রাতে প্রকাশিত এই তালিকায় একাংশ ভোটারের ভাগ্য নির্ধারণ হলেও, কতজনের নাম চূড়ান্তভাবে যুক্ত বা বাদ পড়ল, তার স্পষ্ট হিসাব এখনও সামনে আনেনি কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, বুথভিত্তিকভাবে দুই ভাগে তালিকা প্রকাশ করা হয়েছে—একটিতে অন্তর্ভুক্ত ভোটারদের নাম এবং অন্যটিতে বাদ পড়াদের তালিকা। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক ক্ষেত্রেই তালিকা ডাউনলোড করা যাচ্ছে না বা এপিক নম্বর দিয়েও নাম খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এর আগে রবিবার কমিশন জানায়, সোমবার সন্ধ্যার মধ্যেই তালিকা প্রকাশ করা হবে।

কিন্তু শেষ পর্যন্ত রাত ১২টার কিছু আগে এই তালিকা প্রকাশ করা হয়। সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানান, প্রায় ২৯ লক্ষ আবেদন নিষ্পত্তি হয়েছে, যদিও তার মধ্যে কতজনের নাম যুক্ত বা বাদ গেছে, তা বিচারকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারকে ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। সুপ্রিম কোর্ট-এর নির্দেশে বর্তমানে ৭০০-র বেশি বিচারক ধাপে ধাপে এই তালিকার নিষ্পত্তি করছেন।
রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) আগে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৭.৬৬ কোটি।
পরবর্তীতে খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৬৩ লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে জানা গেছে। বর্তমানে রাজ্যে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭.০৪ কোটিতে।
কমিশন জানিয়েছে, অনলাইনে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটাররা তাঁদের নাম যাচাই করতে পারবেন। পাশাপাশি বুথ, বিডিও, এসডিও ও জেলা প্রশাসনিক কার্যালয়েও তালিকা টাঙানো হবে।
যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য আপিলের ব্যবস্থাও রাখা হয়েছে। কলকাতা হাই কোর্ট-এর তত্ত্বাবধানে গঠিত ট্রাইবুনালে অনলাইন ও অফলাইন—দু’ভাবেই আবেদন করা যাবে।