পুবের কলম, ওয়েবডেস্ক: স্কুল শিক্ষার্থীদের বহনকারী চলন্ত বাসে জ্ঞান হারিয়ে ফেলেছেন চালক। বাসে  রয়েছে ৬৬ জন ছাত্র-ছাত্রী। চালক চেতনা হারিয়ে ফেলায় বাসটি রাস্তায় এলোমেলোভাবে চলতে থাকে। বাসের যাত্রী ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের অনেকেই তখন হাউমাউ করে কান্না শুরু করে। এই অবস্থায় বাসের সামনের দিকে বসা ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি।
চালক সংজ্ঞা হারিয়ে ফেলায় বাসের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্র-ছাত্রীদের রক্ষা করায় এখন প্রশংসায় ভাসছে যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেনের কার্টার মিডল স্কুলের ডিলন রিভস নামের ওই শিক্ষার্থী। ডিলন  রিভস গাড়ির চাকা নিয়ন্ত্রণ করার আগে প্রায় ৫ সারি পেছনে বসে ছিল। চালকের অবস্থা সংকটাপন্ন দেখে আসন থেকে লাফিয়ে সামনের দিকে চলে আসে সে। এরপরই সে বাসটি থামাতে সক্ষম হয়। শহরের বাসিন্দারা এখন ওই স্কুলছাত্রকে ‘বীর’ আখ্যা দিয়ে অভিনন্দন জানাচ্ছে। ওয়ারেনের কাউন্সিলর জোনাথন লাফারটি এক পোস্টে লিখেছেন, ‘তোমার কাজের জন্য আমরা অত্যন্ত গর্বিত!’