পুবের কলম ওয়েব ডেস্কঃ হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডের হকার উচ্ছেদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
আরও পড়ুন:
বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের পর্যবেক্ষণ, "হকারদের আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানি করতে হবে রেল কর্তৃপক্ষকে। ওই শুনানিতে উপস্থিত থাকবে হুগলি নদী জলপথ পরিবহনের প্রতিনিধি।" আদালতের নির্দেশ, শুনানির পরে উচ্ছেদ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ।
সেই সিদ্ধান্ত রিপোর্ট আকারে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেলকে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১০ জুন। এদিন আবেদনকারী হকাদের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ হুগলি নদী জলপথ পরিবহনকে ভাড়া দিয়েই তারা দোকান করেছে। নিয়মিত তাদেরকে ভাড়া দেওয়া হয় এবং তার রশিদ রয়েছে। মামলার আবেদন পত্রের সঙ্গে রশিদ পেশ করা হয় হাইকোর্টে। আবেদনকারী ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স জিএসটি এবং সার্ভিস ট্যাক্সের রেজিস্ট্রেশনও রয়েছে ।এই বিষয়ে হুগলি নদী জলপথ পরিবহন এর পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকেও জানানো হয়েছিল এবং তাদের অনুমোদন ছিল। তাঁর অভিযোগ, রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে কোন স্বাক্ষর নেই।। শুধু তাই নয়, ওই নোটিশ গুলি দেওয়ালে সাটিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে কাউকে দেওয়া হয়নি।আরও পড়ুন:
বিকাশরঞ্জন আর্জি জানান, আদালত এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক এবং যেন নোটিশ বাতিল করা হয়।
বিচারপতি হিরণময় ভট্টাচার্য রেলের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "আপনাদের এত দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণ কি? হঠাৎ এই ধরনের উদ্যোগের প্রয়োজন হচ্ছে কেন? আপনারা কি কোন প্রকল্প বাস্তবায়নের জন্য এই উচ্ছেদ করছেন?" রেল আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি বলেন, "২০২৪ সালে অমৃত ভারত প্রকল্পে রেলওয়ে স্টেশনগুলিকে পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে হাওড়া স্টেশন থেকেও চিহ্নিত করা হয়েছে।" এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১০ জুন।