পুবের কলম প্রতিবেদক, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি কড়া পোস্টের মাধ্যমে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে দাবি করেন, বিচারবিভাগীয় কর্তৃত্বকে খর্ব করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে লেখেন, "বিচারবিভাগীয় কর্তৃত্বকে এভাবেই লঘু করা হচ্ছে।
দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি সরাসরি অভিযোগ তোলেন, যাঁরা সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তাঁরাই আজ নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সংবিধানের ভিত আলগা করে দিচ্ছেন। কেন্দ্রীয় পদক্ষেপকে "কর্তব্য এবং গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা" বলে অভিহিত করেছেন অভিষেক।