পুবের কলম, ওয়েবডেস্ক ফের বিমানে অভব্য আচরণ। মদ্যপান করে বিমান যাত্রীর গায়ে মূত্রত্যাগ থেকে কখনও বিমান সেবিকার সঙ্গে অশ্লীলতার চিত্র সামনে এসেছে। এবার আক্রান্ত হলেন খোদ পাইলট। বিমান ছাড়তে দেরি হবে ঘোষণা করতেই এক যাত্রী ছুটে গিয়ে তাকে এক সজোড়ে ঘুষি মারেন। যাত্রীর এই কাণ্ডে হতবাক বাকিরা। হতভম্ব খোদ পাইলটও।

যাত্রীর ঘুষি খেয়ে তিনি বেসামাল হয়ে পড়েন। দিল্লি-গোয়া ইন্ডিগো ফ্লাইটের (৬ই-২১৭৫) এর ঘটনা।

ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের (আইজিআই) ডিসিপি জানিয়েছেন, ইন্ডিগো এয়ারলাইন্স তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর অনুপ কুমার নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।

দিল্লি থেকে গোয়া ফ্লাইটের ঘটনার এই ভিডিও সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে হলুদ হুডি পরা একজন ক্রুদ্ধ যাত্রী পাইলটের দিকে ছুটে গিয়ে তাকে ঘুষি মারেন। বিমান সেবিকারা যাত্রীকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে হনহন করে এগিয়ে যায়। পাইলটের দিকে ইঙ্গিত করে যাত্রীকে বলতে শোনা যায়, 'নেহি চালানা তো মত চালা, বোল দে'।

বিমানসেবিকারা যাত্রীর উদ্দেশে বলেন, 'স্যার আপ অ্যায়সা নেহি কর সকতে'। ওই যাত্রীর অভব্য আচরণে বাকি যাত্রীরাও ক্ষোভ প্রকাশ করেন। পরে নীল হুডি পরা এক যাত্রী এগিয়ে এসে তাকে শান্ত করেন।