পুবের কলম,ওয়েবডেস্ক: স্ত্রীকে মদ্যপ অবস্থায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে মার্কিন বিচারপতি জেফরি ফার্গুসনের বিরুদ্ধে। হত্যার পর ফোন করে সহকর্মীকে জানান, ‘আগামীকাল আদালতে আসা হবে না, পুলিশি হেফাজতে থাকব।’

এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্তকে তার ঘর থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের সময় তল্লাশি চালিয়ে বিচারকের বাড়ি থেকে ‘অস্ত্রের ভাণ্ডার’ মিলেছে। যা দেখে রীতিমতো অবাক হয়ে যান নিরাপত্তা সদস্যরা।
ফার্গুসনের বাড়িতে ৪৭টি বন্দুক ও ২৬ হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।

প্রসিকিউটর জানান, ৭২ বছর বয়সী অভিযুক্ত বিচারক ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি সুপিরিয়র আদালতে বসেন। সম্প্রতি বাড়ির কাছে একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বচসায় জড়ান ফার্গুসন। নিহত স্ত্রী শার্লির আইনজীবী জানান, তর্ক চলার সময় শার্লির দিকে বন্দুক দিয়ে গুলি করার ভঙ্গি করেন ফার্গুসন।

এ সময় স্ত্রী বলেন, আসল বন্দুক দিয়েই গুলি করো।
তখনই কোমর থেকে অস্ত্র বের করে স্ত্রীর বুকে গুলি চালান স্বামী। ঘটনাস্থলে মৃত্যু হয় শার্লির। ঘাতক বিচারপতি নিজেই জরুরি নম্বর ৯১১-এ ফোন করে এ ঘটনা জানান।  এর পর মার্কিন পুলিশ আটক করে ফার্গুসনকে। তোলা হয় আদালতে। তবে আদালতে দাঁড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ প্রমাণিত হলে ৪০ বছরের সাজা হতে পারে বিচারকের।