পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপির রাজ্যসভার সাংসদ হয়েও সম্প্রতি কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গভূষণ সম্মান গ্রহণ করেছিলেন তিনি। সেই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছিল নানা রাজনৈতিক আলোচনা। আর সেই আবহের মধ্যেই রবিবার কোচবিহারের রাসমেলা মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভামঞ্চে দেখা গেল অনন্ত মহারাজকে। মঞ্চে উপস্থিত ছিলেন বংশীবদন বর্মনও। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে কি অবশেষে ভাঙল অনন্ত মহারাজের অভিমান?
আরও পড়ুন:
শুক্রবার রাতে ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছন দুই কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াত এবং ভূপেন্দর যাদব। তাঁদের সঙ্গে অনন্ত মহারাজের বৈঠকের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তারপর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। কোচবিহারে ভোটের সমীকরণ মাথায় রেখে কি গ্রেটার কোচবিহার আন্দোলনের এই নেতাকে বোঝানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব? যদিও বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, সে বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নে মুখ খোলেননি দুই কেন্দ্রীয় মন্ত্রীই।
আরও পড়ুন:
তবে সেই রাত থেকেই গুঞ্জন ছিল, হয়তো প্রধানমন্ত্রীর সভামঞ্চেই দেখা যেতে পারে অনন্ত মহারাজকে। শেষ পর্যন্ত রবিবারের সভায় তাঁর উপস্থিতি সেই জল্পনাকেই কার্যত সত্যি করে দিল। সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে অনন্ত মহারাজের বক্তব্য বিজেপি নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে। বিশেষ করে এসআইআর প্রসঙ্গে তাঁর মন্তব্যকে ঘিরে দলীয় অন্দরে চাপানউতোর তৈরি হয়েছিল। এর পাশাপাশি বিজেপির সঙ্গে মতভেদের আবহে কলকাতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গভূষণ সম্মান গ্রহণ করা নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে তাঁর সম্ভাব্য ঘনিষ্ঠতা নিয়েও নানা আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভামঞ্চে অনন্ত মহারাজ এবং বংশীবদন বর্মনের উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে তাৎপর্য তৈরি করেছে।