হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য মিত্র দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই ডাকে সাড়া মেলেনি। বরং ইউরোপীয় ইউনিয়ন উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতিতে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কারও সহায়তার প্রয়োজন নেই। তাঁর কথায়, “আমরাই যথেষ্ট, আমরা একাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ।”
যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালি কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে অচলাবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে।
এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর ট্রাম্প মিত্র দেশগুলোকে সেখানে রণতরি পাঠানোর আহ্বান জানান। কিন্তু যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান ও ইতালিসহ বহু দেশ সেই প্রস্তাবে সাড়া দেয়নি।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানিয়েছেন, এই সামরিক অভিযানের বিষয়ে ইউরোপকে আগে থেকে কিছু জানানো হয়নি। তাঁর মতে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন ছাড়া এ ধরনের পদক্ষেপে অংশ নেওয়া সম্ভব নয়।
মিত্রদের এই অনাগ্রহে ক্ষুব্ধ ট্রাম্প বলেন, তিনি অনেকটাই পরীক্ষা হিসেবেই এই আহ্বান জানিয়েছিলেন—প্রয়োজনে কে পাশে দাঁড়াবে, তা বোঝার জন্য। তবে শেষ পর্যন্ত তাঁর দাবি, যুক্তরাষ্ট্র একাই এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম।